নাবিস্কো মোড় এলাকায় ফুটওভারব্রিজ প্রয়োজন

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২২

ঢাকা শহরের অন্যতম ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে তেজগাঁও সাতরাস্তার মোড় অন্যতম। অনেকগুলো শিল্পকারখানা থাকায় যানবাহন এবং কর্মকর্তা-কর্মচারী পরিবহনের গাড়ি এই রাস্তায় চলাচল করে। এছাড়া খুব কাছেই মহাখালী বাসস্ট্যান্ড থাকায় এই রাস্তায় যানজট লেগেই থাকত। সেই যানজট কিছুটা কমানোর লক্ষ্যে উত্তর সিটি করপোরেশন ইউ-লুপ তৈরি করে। এর ফলে এই রুট যানজট কমলেও রাস্তা পার হওয়া খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।  দেখা যায় যে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেও রাস্তা পার হওয়ার সুযোগ পাওয়া যায় না। তাই এই রাস্তায় ফুটওভারব্রিজ খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। অতএব, সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন—এই এলাকায় কয়েকটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হোক।

মোহাম্মদ জুনাইদ

বুয়েট, ঢাকা