পলওয়ের আয় বৃদ্ধির ওপর আইজিপির গুরুত্বারোপ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৪০

পুলিশ প্রধান (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) এর চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পলওয়েলকে একটি আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পলওয়েল-এর ৫১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তৃতাকালে  তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, পলওয়েল-এর প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে হবে। পুলিশ সদস্যদের বিনিয়োগকৃত অর্থ দিয়ে তাদের কল্যাণে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করতে হবে। পুলিশ প্রধান পলওয়েল-এর চলমান প্রকল্পের সাথে লাভজনক নতুন নতুন প্রকল্প গ্রহণ করে প্রচীনতম এ সমবায়ী প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ এবং আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পলওয়ের ভাইস-চেয়ারম্যান ও অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর ও অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী, পরিচালক ও অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম এবং শেয়ার হোল্ডারগণ বক্তব্য রাখেন। ডিএমপি কমিশনার  আছাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পলওয়েলের পরিচালক, ডেলিগেট ও শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় বিগত ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৪০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া, সভায় বিগত অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।