ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
টানা বৃষ্টিতে ধোবাউড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রোপা আমনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা। দ্বিতীয় ধাপে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে প্রায় দেড়শ হেক্টর জমির আমন ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
অনেকে ঋণ করে আমন রোপণ করেছেন। কেউ কেউ আবার জমি বর্গা নিয়ে চাষ করেছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় ধাপে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে নেতাই নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রোপা আমন। পানি কমলেও ধীরগতির জন্য ঢলের পানির স্থায়িত্ব থাকবে বেশ কিছুদিন। এতে আমন ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার আলম তুষার জানান, চলতি বছর আমন ফসল উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩ হাজার ৮২০ হেক্টর। ঢলের পানিতে ক্ষতির আশঙ্কায় রয়েছে ১২০ হেক্টরেরও বেশি আমন ফসল। বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। কিন্তু প্রাকৃতিক কারণে তা শেষ করা সম্ভব হয়নি।
