স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলার ঢেপা নদীতে নিখোঁজ এক যুবককে উদ্ধার করতে গিয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মতিন (৩৮)। এরপর বন্ধ রয়েছে উদ্ধার অভিযান। ফলে এখন পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ সুজন দেবশর্মা (২৭)। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঢেপা নদীতে কান্তজী বিগ্রহের নৌবিহার দেখতে এসে নদীতে নামে কাহারোল উপজেলার পূর্ব সুলতানপুর ভেন্ডবাড়ী গ্রামের বিনয় দেবশর্মার ছেলে সুজন বাবু দেবশর্মা। এ সময় সে নদীতে নেমে একটি ব্রিজের কাছে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় পানির নিচে আটকা পড়ে ডুবুরি দলের সদস্য আব্দুল মতিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনজিল হক জানান, ডুবুরি দলের সদস্য আব্দুল মতিনের মৃত্যুর পর সেখানে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।
