তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটু পানি। ফুটপাত উপচে পানি প্রবেশ করে আশপাশের দোকানে। শনিবার দুপুর ৩টার দিকে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই তালা প্রেসক্লাবসহ উপশহরের অনেক নিচু এলাকা তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে হাসপাতাল রোড, প্রেসক্লাব মোড়, সরকারি কলেজ রোড, মহল্লাপাড়া বাইপাস সড়কসহ তালা বাজারের বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। এ বিষয়ে তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, টানা বৃষ্টির ফলে উপশহরের কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান জানান, টানা বৃষ্টিতে তালা উপশহরের বেশ কিছু নিচু সড়ক পানিতে তলিয়ে যায়। পরে পানি সরতে শুরু করে।
