ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীতে পদ্মার পানি উপচে সৃষ্ট বন্যা ও অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে পদ্মা নদীর পানি কমলেও পানিবন্দি মানুষের দুর্ভোগ কমেনি। গত ২২ আগস্ট থেকে পদ্মায় পানি কমতে থাকায় বন্যাকবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। লোকালয় থেকে পানি নামতে থাকলেও পানিবন্দিরা রয়েছেন দুর্ভোগে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের বন্যা ও অতিবৃষ্টিতে ঈশ্বরদীর নিচু এলাকা পানিতে ডুবে যায়। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লক্ষ্মীকুন্ডা, সাঁড়া ও পাকশী ইউনিয়নের আংশিক এলাকায় ফসলের জমিতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়। পদ্মা নদীর বাম তীরের বাঁধের নিচু এলাকা দিয়ে বাঁধ উপচে পানি লোকালয় ও ফসলি জমিতে প্রবেশ করে। লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর, বিলকাদা, চরকুড়ুলিয়া গ্রামের মুলা, কলা, মাষকলাই, মিষ্টিকুমড়া, করলাখেতে পানি প্রবেশ করে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল লতিফ জানান, এবারের বন্যায় উপজেলার পাকশী, লক্ষ্মীকুন্ডা ও সাঁড়া ইউনিয়নে ৯২৬ হেক্টর জমির মরিচ, শাকসবজি ও মাষকলাইয়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
