সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৮

প্রতিনিধি সিরাজগঞ্জ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে বেড়েছে ১১ সেন্টিমিটার। এ ধারা অব্যাহত থাকায় অভ্যন্তরীণ নদনদী ও চলনবিলের পানিও বাড়ছে। ফলে বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন।

পাউবোর শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টের পানি পরিমাপক (গেজ মিটার) আবদুল লতিফ জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপত্সীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ১৪ আগস্ট থেকে শনিবার পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদী তীরবর্তী আরো কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। সিরাজগঞ্জ জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার পর্যন্ত জেলায় ২ হাজার ৮৯০ হেক্টর বিভিন্ন ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।