পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:২৯

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে শুক্র ও শনিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

ফরিদপুর (পাবনা) : ফরিদপুরে শনিবার সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইফতিয়ার হোসেন (১৬)। দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুই স্কুলছাত্র। ফরিদপুর থানার ওসি মাসুদ রানা জানান, আতাইকুল থানার (পাবনা সদর উপজেলা) পুটিয়াপাড়া গ্রামের আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলমের ছেলে একই স্কুলের ছাত্র ইফতিয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে বাড়ি যাওয়ার পথে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলের যাত্রীই আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে নেওয়ার পথে ইফতিয়ার হোসেন মারা যায়।

গৌরনদী (বরিশাল) :গৌরনদীতে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম হাফেজ নুরুল ইসলাম মোল্লা (৬০)। তিনি উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মৃত মোহাম্মাদ মোল্লার ছেলে। গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বুইজ্যার দোকান নামক স্থানে শুক্রবার বিকালে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম জামাল উদ্দিন (৩৭)। নিহতের ভাই মাস্টার বদিউল আলম জানান, দুর্ঘটনাকারী আটোরিকশার হদিস মেলেনি।