বরিশাল অফিস
বরিশাল বিভাগে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে বরিশালের একজন, ভোলার একজন ও বরগুনা জেলার একজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টার ব্যবধানে ৭৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪৩ হাজার ৪৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮৯১ জন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ৩৪১ জন রোগীর মৃত্যু হয়েছে।
