খুলনা থেকে ২ হাজার ৪১৫ কোটি টাকার মাছ রপ্তানি
খুলনা অফিস খুলনা অঞ্চল থেকে ২০২০-২১ অর্থবছরে ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি করে ২ হাজার ৪১৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। এছাড়া খুলনা জেলায় একই অর্থবছরে ১ লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন মাছ উত্পাদন হয়েছে; যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি। শনিবার দুপুরে জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। জাতীয় মত্স্য সপ্তাহ উদ্যাপনবিষয়ক খুলনা জেলা কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।
অটিস্টিক শিশুদের পড়ানোর কৌশল বিষয়ে কর্মশালা
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা বাজিতপুরে ‘অটিস্টিক শিশুদের পড়ানোর কৌশল’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বিলপাড় ডুয়াইগাঁওয়ে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাপতি সাবেক অধ্যক্ষ আ কা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন।
আনসার-ভিডিপি সদস্যরা পেলেন খাদ্যসহায়তা
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোদাগাড়ীতে অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার আনসার ও ভিডিপি অফিসের সামনে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়। গোদাগাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ভারপ্রাপ্ত সুফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম।
নর্থ বেঙ্গল সুগার মিলে মতবিনিময়
লালপুর (নাটোর) সংবাদদাতা লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলকে লাভজনক করতে শনিবার মিলের ট্রেনিং কমপ্লেক্সে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মিল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব নিলুফার জেসমিন খান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিলের মহাব্যবস্থাপক (অর্থ) হিরণ্ময়, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মাদারীপুর প্রতিনিধি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শাহজাহান খান। প্রধান অতিথি শাজাহান খান ও অন্যরা আলোচনা করেন।
মুলাদীতে জাতীয় শোক দিবসের আলোচনা
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাজিরচর ইউনিয়নের আউয়াল সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বেগম সামছুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান।
০০০
