ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম চেম্বারের আহ্বান

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৩১

চট্টগ্রাম অফিস

টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো এক পত্রে তিনি উল্লেখ করেন, অতি সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত দুই সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ২২ আগস্ট রবিবার ৮৫ টাকা ১০ পয়সা হারে ডলার বিনিময় হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এই দিন ৮৭ টাকা দরে ডলার বিক্রয় করেছে এবং খোলা বাজারে ৮৭ টাকা ৮০ পয়সা দরে ডলার বিক্রয় হয়েছে। গত বছর দেশে করোনা ভাইরাস মহামারি দেখা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে ডলারের মূল্য সর্বোচ্চ ৮৪ টাকা ৯৫ পয়সা উঠেছিল যা সেই সময়ে ডলারের সবচেয়ে শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হয়। 

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অথনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরনের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশেও করোনার মধ্যেই সরকার শিল্প কারখানা পুরোদমে খুলে দেওয়ার নির্দেশনা প্রদান করায় বর্তমানে উত্পাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ প্রেক্ষাপটে টাকার বিপরীতে ডলারের হঠাত্ মূল্য বৃদ্ধিতে আমদানিকৃত ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামালের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যার দায়ভার শেষ পর্যন্ত ভোক্তাসাধারণকেই বহন করতে হবে। একই সঙ্গে মহামারিগ্রস্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে যা অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।