কোভিড-১৯ মহামারির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ইউরোপের দেশগুলো। টিকাদান কার্যক্রমের হার বাড়িয়ে শিথিল করা হয়েছে কোভিডজনিত বিধিনিষেধ। ফলে শক্তিশালী পুনরুদ্ধার দেখা দিয়েছে ইউরো জোনের বাণিজ্যিক কার্যক্রমে। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সরবরাহ চেইন ব্যাহত না হলে ইউরো মুদ্রা ব্যবহার করা দেশগুলোর অর্থনৈতিক কার্যক্রম আরো সম্প্রসারিত হতে পারত। তবে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় আবারও বিধিনিষেধ আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিটের করা পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জুলাই মাসে ৬০ দশমিক ২ পয়েন্ট থেকে কমে আগস্টে ৫৯ দশমিক ৫ পয়েন্টে রয়েছে। এ সূচক ৫০-এর উপরে থাকা প্রবৃদ্ধিকে নির্দেশ করে। তবে ভোক্তা চাহিদায় সামান্য পতন হয়েছে। এ সূচক ৬৯ দশমিক ১ পয়েন্ট থেকে ৬৮ দশমিক ৬ পয়েন্টে নেমেছে। আগস্ট মাসে নির্মাণশিল্পের সূচকও স্থিতিশীল ছিল।
