দর হারানোর শীর্ষে ইবিএল এনআরবি ফান্ড

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির বা ৩৬ দশমিক ৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। বিদায়ি সপ্তাহে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ৫০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ০ দশমিক ৫০ টাকা বা ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকলের ৬ দশমিক ৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬ দশমিক ২০ শতাংশ, স্টাইলক্রাফটের ৬ দশমিক ১১ শতাংশ, দেশ জেনারেল ইনসিওরেন্সের ৫ দশমিক ৮৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ দশমিক ৭০ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৫ দশমিক ৪২ শতাংশ, এপোলো ইস্পাতের ৫ দশমিক ২৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫ দশমিক ২১ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর ৪ দশমিক ৪২ শতাংশ কমেছে।