স্পোর্টস ডেস্ক
প্রথম বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার হিসেবে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জিদান মিয়া। ২০২১-২২ মৌসুমের জন্য লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। অবশ্য এখনই লা লিগায় খেলা হচ্ছে না ২১ বছর বয়সি এই উইঙ্গারের। আপাতত খেলবেন রায়ো ভায়েকানোর বি টিমের হয়ে। মূল দলে সুযোগ পেতে দুই মাসব্যাপী ট্রায়ালে উতরাতে হবে তাকে। পৈতৃক নিবাস সিলেটের মৌলভীবাজারে হলেও লন্ডনে জন্ম জিদানের। ছেলেবেলা থেকেই ফ্রান্সের কিংবদন্তি ফুটবলারের ভক্ত তিনি। তাই ফুটবলকেই বেছে নেন ক্যারিয়ার হিসেবে। ফুটবলে তার হাতেখড়ি ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের অ্যাকাডেমি থেকে। এরপর সুযোগ পান ইংলিশ ক্লাব ব্রমলি এফসি অনূর্ধ্ব-২৩ দলে। গত বছর বিভিন্ন সাক্ষাত্কারে বাংলাদেশ জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেন জিদান। স্বপ্ন পূরণের জন্য হেডকোচ জেমি ডের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তিনি।
