স্পোর্টস রিপোর্টার
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে বাংলাদেশের টানা ১২টি ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। তার অনুপস্থিতিতে সিংহভাগ ম্যাচেই কিপিং করেছেন নুরুল হাসান সোহান। গ্লাভস হাতে তার পারফরম্যান্সে বিমুগ্ধ গোটা দেশ। সন্দেহাতীতভাবে সোহানই দেশ সেরা উইকেটকিপার। উইকেটের পেছনে তার সরব উপস্থিতি ও দলকে চাঙ্গা করার চেষ্টা নজর কেড়েছে সবার।
কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে গ্লাভস জোড়া সোহানের হাতে থাকছে না। গতকাল বাংলাদেশের অনুশীলনেই সেটি স্পষ্ট হয়ে গেছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কিপিং করবেন মুশফিক। গতকাল দুপুরের পর মিরপুর স্টেডিয়ামে কিপিং অনুশীলন করেছেন শুধু মুশফিক। লিটন দাস ও সোহানকে দেখা গেছে ক্যাচ অনুশীলন করতে। তারা স্লিপেও ক্যাচ অনুশীলন করেছেন। এমনকি মুশফিকের ক্যাচ অনুশীলনে সাহায্য করেছেন সোহান। এখানেই স্পষ্ট কিপিং গ্লাভস উঠছে কার হাতে।
প্রায় প্রত্যেক ম্যাচেই ক্যাচ ফেলা, কিংবা স্টাম্পিং মিস অথবা রানআউটের সুযোগ নষ্ট করা মুশফিকের কিপিংয়ের নিয়মিত দৃশ্য। যা প্রতিনিয়তই বাংলাদেশকে পোড়ায়, ম্যাচে পিছিয়ে দেয় দলকে। টেস্টে কিপিং থেকে সরানো হয়েছে তাকে। এবার সীমিত ওভারের দুই ফরম্যাটেও তাকে কিপিংয়ের দায়িত্ব থেকে বাদ দেওয়াটা সময়ের দাবি হয়ে পড়েছে। টিম ম্যানেজমেন্ট যত দ্রুত বিষয়টি বুঝতে পারবে, ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে।
