আর্সেনালকে নিয়ে ছেলেখেলা করল সিটি

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৩৮

দলবদলে হ্যারি কেইন, ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য লড়াই করেও শেষ পর্যন্ত পায়নি ম্যানচেস্টার সিটি। তাতে আক্ষেপ না করে গতকাল ইতিহাদ স্টেডিয়ামে ১০ জনের আর্সেনাল নিয়ে রীতিমতো ছেলেখেলা করল তারা। মাঠে এতটাই দুর্দান্ত ছিল যে টানা দ্বিতীয় ম্যাচে ৫-০ ব্যবধানের জয় তুলে নিল পেপ গার্দিওলা দল। অপরদিকে ১৯৫৪-৫৫ মৌসুমের পর প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে হারের মুখ দেখল আর্সেনাল। ইতিহাদে ৭ মিনিটে গোলের খাতা খুলেন ইলকায় গুন্ডোয়ান। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ ফেরান তোরেস। ম্যাচে ফেরার বদলে উলটো গ্রানিত জাকার লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি গার্দিওলার সাবেক শিষ্য মিকেল আর্তেতার দল। জেসুসের গোলে বিরতিতে যাওয়ার পর রদ্রি ও তোরেসের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করে সিটি।