জুভেন্তাসকে বিদায় দেওয়ার পর প্রথমে ম্যানচেস্টার সিটির সঙ্গেই কথা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর এজেন্টের; কিন্তু সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এর পেছনে সহায়ক হিসেবে কাজ করেছেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। যিনি রোনালদোকে পরিণত করেছেন আজকের রোনালদোতে। বাবার মতো শ্রদ্ধা করা এই কোচের কথাতেই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতে রাজি হয়ে যান এই পর্তুগিজ ফরোয়ার্ড। ২ কোটি ইউরোর বিনিময়ে দুই বছরের চুক্তিতে তাকে বিক্রি করে দেয় জুভেন্তাস। গত পরশু তুরিন ছেড়ে যাওয়ার পর লিসবনেই আছেন রোনালদো। জাতীয় দলের হয়ে খেলার পরই ম্যানচেস্টার যাওয়ার সম্ভাবনা আছে তার। সব ঠিকঠাক থাকলে ১২ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর নিউক্যাসলের বিপক্ষে রেড ডেভিলসের হয়ে ফের মাঠে নামবেন তিনি।
