হোতাসহ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাড়ি ছিনতাই চক্রের মূল সমন্বয়কসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ছিনতাইকৃত তিনটি পিকআপ ভ্যান, একটি সিএনজি অটোরিকশা, একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত র্যাব-৪-এর অভিযানে ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ছিনতাই চক্রের মূল সমন্বয়ক আজিম উদ্দিন, রফিক উল্লাহ, সেলিম, কামরুল হাসান ও ওমর ফারুককে গ্রেফতার করা হয়। আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে গাড়ি ছিনতাই ও চুরি করে আসছে। এই চক্রের সঙ্গে ১৫-২০ জন জড়িত। আজিম উদ্দিন চক্রের মূল হোতা ও সমন্বয়ক। পাঁচ-ছয় বছর যাবত্ এই দলটি সক্রিয় । চক্রের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে শতাধিক গাড়ি ছিনতাই ও চুরি করেছে। তারা সাধারণত ঢাকা-চট্টগ্রাম রুটসহ নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকশা ছিনতাই ও চুরি করে থাকে। তিনি তাদের কৌশল সম্পর্কে বলেন, তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে কাজ করে।
