ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ
ইত্তেফাক রিপোর্ট
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ডেঙ্গুর প্রকোপ রোধে সিটি করপোরেশন এলাকায় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট সরকারি বিভাগের সহযোগিতায় নিরলসভাবে কাজ করছে। তবে এসব কাজ সফল করতে জনগণের সম্পৃক্ততা জরুরি। অনেক সময় জনপ্রতিনিধিদের দুর্বলতার কারণে আমলাদের প্রাধান্য দৃশ্যমান হয়। গতকাল এফডিসিতে ‘ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অপরিকল্পিত নগরায়ণ, নগরবাসীর অসচেতনতা, কার্যকর ওষুধ না ছিটানো, সমন্বিত কীট ব্যবস্থাপনা না থাকা, ঢাকার নগর পিতাদ্বয়ের সমন্বয়হীনতা, বছরব্যাপী মশক নিধন কার্যক্রম না থাকা, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ডেঙ্গু বিস্তারের কারণ। ডেঙ্গুর প্রকোপ রোধে তিনি আট দফা সুপারিশ করেন। প্রতিযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে সরকারি বাঙলা কলেজ চ্যাম্পিয়ন হয়। অংশগ্রহণকারী দলের মধ্যে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সবুজ ইউনুস, ফালগুনী রশীদ, জিনিয়া কবির সূচনা ও রিশাদ হাসান।
