মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবি

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ছিল বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা। দেশের বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবিও জাতীয়করণ। শিক্ষাক্ষেত্রে পাহাড়সম বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বেসরকারি শিক্ষকদের প্রত্যাশা, বঙ্গবন্ধুৃর আজীবন লালিত স্বপ্ন শোষণ ও বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মুজিববর্ষেই শিক্ষা জাতীয়করণ ঘোষণা দেবেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী। সংগঠননটির সভাপতি ও মুখপাত্র মো নজরুল ইসলাম রনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।