বিশেষ প্রতিনিধি
১৫ দফা দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতি করবে বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। গতকাল তেজগাঁও ট্রাক টার্মিনালে দুই সংগঠনের যৌথ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করা হয়। কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
উপস্থিত ছিলেন ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকার মো. মনির, কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব, সহসভাপতি মাছুম পাটোয়ারী প্রমুখ। সম্মেলনে জানানো হয়, দাবি আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৩ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এর পরও দাবি বাস্তবায়ন করা না হলে ১০ দিনের মধ্যে উভয় সংগঠনের প্রতিনিধিসভা আহ্বান করে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
