ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুরে মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান চাপায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সায়েম। গতকাল শনিবার সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের ১৩ নম্বর রোডের আদর্শনগরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত সায়েমের বাবা হীরা রিকশাচালক। তিনি জানান, দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে আদর্শনগরের বাসায় ভাড়া থাকেন। দুই ছেলের মধ্যে সায়েম ছোট।
হীরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সায়েম সকালে ঘুম থেকে উঠে গলির মুখের বড় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেখানে মুরগি বহনকারী একটি পিকআপ থামানো ছিল। এ সময় চালক গাড়িটি চালানো শুরু করলে গাড়ির সামনে থাকা শিশু সায়েমকে ধাক্কা দেয়। শিশুটি রাস্তায় পড়ে গেলে চালক গাড়ির চাকা শিশুটির ওপর দিয়ে উঠিয়ে দেয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
