ইত্তেফাক রিপোর্ট
স্বেচ্ছাসেবী সংস্থা সার্ভ হিউম্যান ফাউন্ডেশন ২০২০ সালে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের দুই বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন— বিজিএমইএ-এর সাবেক প্রেসিডেন্ট এবং এনভয় গ্রুপ ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। গত শুক্রবার বিকালে বনানীর প্লাটিনাম গ্রান্ড হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও মহসিনুল হক ও সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খোকন। এ সময় সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের পরিচালনায় তিন মাসব্যাপী অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট কোর্সের প্রথম ব্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রায় ১ হাজার আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে ৭৮ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা বৃত্তিসহ সংস্থার পক্ষ থেকে তিন মাস ধরে অনলাইনে ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
