সাভারে স্কুলছাত্রী ও পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ থানায় দুই মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ও এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে সাভার মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। গতকাল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্ট সাভারের বনগাঁও ইউনিয়নের সাধারপুর এলাকায় ঐ স্কুলছাত্রীকে ধর্ষণ করে একই এলাকার রাসেল মিয়া নামে এক ব্যক্তি। এরপর থেকে তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণ করে এলে শুক্রবার রাতে ঐ কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় সে বিষয়টি তার বাবা-মাকে জানালে শুক্রবার রাতেই ধর্ষণকারী রাসেল মিয়ার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়। তবে বিষয়টি বুঝতে পেরে রাসেল মিয়া পালিয়ে যায়। নির্যাতনের শিকার মেয়েটি তার নানা বাড়ি নারায়ণগঞ্জের একটি স্কুলে পড়াশুনা করলেও করোনার কারণে স্কুল বন্ধ থাকায় সে সাভারের সাধারপুর এলাকায় নিজ বাড়িতে থাকত।

অপরদিকে সাভারের ইমান্দিপুর এলাকায় এক পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে আসামি করে সাভার মডেল থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রী ও নারী পোশাকশ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।