সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নতুন বউয়ের সঙ্গে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন দুই বৃদ্ধা নানি ও দাদি। গতকাল শনিবার বেলা পৌনে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের শুকতারা পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় নিহত হন তারা। ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। নিহতরা হলেন আব্দুল বারেকের স্ত্রী আমেনা খাতুন ও ফজলুর রহমানের স্ত্রী নুর জাহান। তারা দুজনই কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা।
সূত্রে জানা গেছে, গত শুক্রবার কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী হোসেন ভুট্টোর মেয়ে সিনথিয়ার সঙ্গে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিনের বিয়ে হয়। সেই সুবাদে গত শুক্রবার রাতে নতুন বউয়ের সঙ্গী কনের দুই আত্মীয় অতিথি হয়ে সোনারগাঁওয়ে পিরোজপুর বেড়াতে আসেন আমেনা খাতুন ও নুর জাহান। সম্পর্কে তারা সিনথিয়ার নানি ও দাদি। তারা গতকাল শনিবার সকালে পার্শ্ববর্তী মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুরে আত্মীয়ের বাড়িতে দেখা করতে যান। পরে তারা ফেরার পথে শুকতারা পাম্পের সামনে দিয়ে মহাসড়কে রাস্তা পারাপার হচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন (ঢাকা মেট্রো-ব-১২-০৭৭৫) নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তারা। নিহতদের লাশ কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও গাড়ি আটক রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার সকালে বাসচাপায় দুজন নারী নিহত হওয়ার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। বাসের চালক, হেলপার ও বাস আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।
