ব্যানারে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ

রাজাকারের বংশধররা প্রধানমন্ত্রীকে হত্যা করে প্রতিশোধ নিতে চায় ------------ পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:৪২

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাধীনতার শত্রু রাজাকারের বংশধররা এখনো শেখ হাসিনাকে হত্যা করে প্রতিশোধ নিতে চায়। এটা হলে বর্তমানে দেশের মানুষের যে উন্নয়ন হতে চলেছে, সেটা আর হবে না। লাভ হবে স্বাধীনতা বিরোধী ঐ শত্রুদের। গত শুক্রবার বিকালে জামালপুরে মির্জা আজম মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর ও প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এই অনুষ্ঠানের ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানের সকল অতিথি।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিএসপিবি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের                সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

শোকের মাসের অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি না থাকায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি নাই আমি এখানে কথা বলতে পারি না। আমরা বিশ্বাসঘাতক মীরজাফর না, খন্দকার মোশতাক খুনি জিয়াউর রহমান না, আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, ব্যানারে ছবি না থাকা, অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক। তাই আমি বক্তব্য দিতে চাই না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, এই শোকের মাসে সরকারি একটি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠান চলছে, অথচ অনুষ্ঠানের ব্যানারে জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবি নেই। এটা অনিচ্ছাকৃত কোনো ভুল নয়, যারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে না, এ ধরনের কাজ তাদের দ্বারাই সম্ভব।