শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরি চলাচল সীমিত করার প্রভাব

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:৪৩

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল সীমিত করায় পারাপারের বিকল্প ঘাট হিসেবে ঐ রুটের যানবহনগুলো ভিড় করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফলে দুই নৌরুটের গাড়ির চাপে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে তীব্র যানজট দেখা দিয়েছে। দৌলতদিয়া নৌরুটে বর্তমানে আটটি ছোট ফেরি, ১০টি বড় ফেরি (রো রো) দিয়ে যানবাহন পারাপার করছে।

গতকাল শনিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়ায় মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পার হয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা          জুড়ে চার শতাধিক যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১২ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী জুটমিল পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক মহাসড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। এছাড়া শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় ঘাটে সিরিয়ালে রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে বর্তমানে সাতটি ফেরিঘাট রয়েছে। সাতটি ফেরিঘাটের মধ্যে গুরুত্বপূর্ণ ১ ও ২ নম্বর ঘাট দুটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ২০১৯ সালের ৫ অক্টোবর নদী ভাঙনের ফলে ঘাট দুটি ভেঙে যায়। অন্য পাঁচটি ঘাটের মধ্যে শুধু ৫ ও ৭ নম্বর ঘাটে রয়েছে তিন পকেট বিশিষ্ট পন্টুন। রোরো ফেরিগুলো ওই দুটি ঘাটেই ভিড়তে পারছে। ছোট ফেরিগুলো ভিড়ছে এক পকেটের ৩, ৪ ও ৬ নম্বর ঘাট পন্টুনে। এর মধ্যে বন্যায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৪ নম্বর ঘাট পন্টুন পানিতে ডুবে গিয়ে এ ঘাটটিও বেশ কয়েক দিন যাবত্ বন্ধ রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ঘাট ও তিন পকেটের পন্টুনের অভাবে ফেরিগুলো একযোগে চলাচল করতে পারছে না। এর বাইরে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সীমিত করায় ঐ রুটের গাড়িগুলো ভিড় করছে দৌলতদিয়া নৌরুটে। এ কারণে এই রুটে গাড়ির বাড়তি চাপ র্সষ্টি হয়েছে।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের টিএসআই আমির হোসেন বলেন, দৌলতদিয়া ফেরিঘাট হতে গোয়ালন্দ হ্যাচারি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় আছে। অন্যদিকে ফেরিঘাট যানজটমুক্ত রাখতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১২ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী জুট মিল পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ ফেরি ঘাট যানজট মুক্ত রাখতে চেষ্টা অব্যাহত রেখেছে।

বিআইডব্লি­উটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, পদ্মায় প্রবল স্রোতের কারণে আজও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলোকে পার হতে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে দ্বিগুণ। এছাড়াও শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটের বাড়তি যানবাহনের চাপ থাকায় ঘাট এলাকায় ট্রাকের লম্বা সারি তৈরি হচ্ছে। যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে এবং ছোট গাড়িগুলো সরাসরি ফেরিতে উঠছে। বিকাল থেকে পরিবহনের পাশাপাশি কাঁচামালের গাড়িগুলোকে পারপার করা হবে।