করোনা সংক্রমণ ও উপসর্গ

চিকিত্সক মারা গেছেন ১৮৬ জন

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:৪৩

দেশে করোনা ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত মোট ১৮৬ জন চিকিত্সক মারা গেছেন। আর করোনাতে এখন পর্যন্ত দেশের ৯ হাজার ৩৯৪ জন স্বাস্থ্যসেবা কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিত্সকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। গতকাল শনিবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য           জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো  হয়, দেশে করোনাতে আক্রান্ত হয়ে গত বছরের ১৫ এপ্রিল মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। তিনিই দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম চিকিত্সক। এর পর  থেকে একে একে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে দেশের আরো ১৮৫ জন চিকিত্সক মৃত্যুবরণ করেছেন। বিএমএ জানায়, তাদের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ২৫ জন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন ৮২ জন, স্বায়ত্তশাসিতপ্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সাত জন, বেসরকারি বা জেনারেল প্রাকটিস করতেন ৭১ জন, আর আর্মি মেডিক্যাল কোরে কর্মরত ছিলেন এক জন চিকিত্সক। বিএমএ জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৯ হাজার ৩৯৪ জন স্বাস্থ্য সেবা কর্মীর মধ্যে চিকিত্সক রয়েছেন ৩ হাজার ১০৮ জন, নার্স ২ হাজার ২৭১ জন আর অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মী রয়েছেন ৪ হাজার ১৫ জন।