সংসদ চত্বরে কারো কবর রাখার সুযোগ নেই : মোজাম্মেল

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:৪৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানসহ সব কবর সংসদ ভবন চত্বর থেকে অপসারণ করতে হবে। সংসদ ভবনে পরিকল্পনার বাইরে কোনো স্থাপনা রাখার সুযোগ নেই। জিয়াউর রহমানসহ অনেকের কবরই সংসদ ভবনে রয়েছে। সেগুলো সব অপসারণ করতে হবে। সংসদ ভবন বিশ্বের অন্যতম  সেরা স্থাপত্য। সেখানে পরিকল্পনার বাইরে         কোনো স্থাপনা থাকতে পারে না।

গতকাল শনিবার রাজধানীর  আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে  বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদের উদ্যোগে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে খুনিদের বিচার হয়েছে, তারা আত্মস্বীকৃত বাস্তবায়নকারী। যারা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনাকারী  তাদের বিচার এখনো হয়নি।  এ খুনের আড়ালে যারা ছিল, তাদের খুঁজে বের করতে হবে। 

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে সবকিছু শেষ হয়ে যাবে।  তারা বঙ্গবন্ধুকে  হত্যা করতে পারলেও,  তার আদর্শকে হত্যা করতে পারেনি। জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত বঙ্গবন্ধু এখন অনেক শক্তিশালী।

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইডিইবির সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযুদ্ধা মো. ইদরীস আলী।