শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার অভিভাবকদের সঙ্গে তামাশা করছেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের সব ছাত্র সংগঠন, সব অভিভাবক বলছেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে। এটি একমাত্র দেশ যেখানে ১৬ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সরকারকে বলব—এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ছাত্র-শিক্ষকদের টাকা প্রদানের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। ছাত্র-শিক্ষক অভিভাবক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন । সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ৩১ আগস্টের মধ্যে ছাত্রছাত্রীদের টিকা দিয়ে ১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে ছাত্র-শিক্ষক-অভিভাবক ফোরামের পক্ষ থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
