ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে। গতকাল শনিবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে টুরিস্ট ভিসাধারী যাত্রীদের ঐ তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এর আগে, দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ৪ আগস্ট ভারতকে চিঠি পাঠায়। এ চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল ভারত কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের প্রস্তাব পর্যালোচনার পর ভারত ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে এয়ার বাবলের আওতায় ভারত সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্পাইসজেট সপ্তাহে তিনটি, ইন্ডিগো সপ্তাহে দুটি ও এয়ার ইন্ডিয়া সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। তবে, সপ্তাহের কোন দিন কোন ফ্লাইট চলবে, তা জানানো হয়নি।
