আফগানিস্তান থেকে দেশে ফেরার জন্য বাংলাদেশের ১২ নাগরিক যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে অপেক্ষা করছে। তাদের সঙ্গে রয়েছে কয়েক জন আফগান ছাত্রীও। এর আগে গতকাল শনিবার বাংলাদেশি তিন ব্র্যাক কর্মী সেখান থেকে দেশে ফিরে এসেছেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন গতকাল জানিয়েছেন, শিগিগরই তারা একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবে। তবে নিরাপত্তার কারণে এর বেশি তথ্য জানানো হয়নি। এদিকে ব্র্যাক জানিয়েছে, আফগানিস্তানের ১০টি প্রদেশে তাদের প্রায় ৩ হাজার কর্মী নিয়োজিত আছেন। যাদের মধ্যে ১২ জন বাংলাদেশি ছিলেন। তাদের ছয় জন দেশটি থেকে আগেই ফিরে এসেছেন। বাকি ছয় জনের মধ্যে বিশেষ ব্যবস্থায় গতকাল আরো তিন জন ফিরে আসেন। তারা গত ২২ আগস্ট কাবুল ত্যাগ করেন এবং সেখান থেকে কাজাকস্তানে গিয়ে অবস্থান করছিলেন। এরপর টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করেন।
