ফেনীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কর্মজীবী নারীর

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০০:০৫

ফেনীর পরশুরামের সাতকুচিয়ার পূর্ব দরবারপুর গ্রামে যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ খালেদা হোসেন অমির নির্যাতনকারীসহ দেশের সব নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কর্মজীবী নারী। কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, সহসভাপতি উম্মে হাসান ঝলমল, সাধারণ সম্পাদক শারমিন কবীর ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানাসহ অন্য নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান। গতকাল শনিবার এক বিবৃতিতে কর্মজীবী নারীর নেতৃবৃন্দ এ দাবি জানান।

জানা যায়, খালেদা হোসেন অমির স্বামী আব্দুল হালিম লিখনের প্রবাসে থাকার সুযোগে শাশুড়ি খাইরুননেসা, ননদ হাসিনা বেগম, হাসিনার স্বামী আবুল কাশেমসহ পরিবারের সবাই প্রায়ই খালেদা হোসেন অমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি তাকে বিষধর সাপ দিয়ে হত্যারও চেষ্টা করা হয়। নির্যাতনের শিকার হয়ে অমি বাবার বাড়িতে চলে গেলে সেখানে গিয়েও তারা হত্যাচেষ্টা করে তার শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা করেছেন খালেদা হোসেন অমি। মামলার আসামি অমির ননদ হাসিনা বেগম ও তার স্বামী আবুল কাশেম বর্তমানে জেলহাজতে আছেন। আর খালেদা হাসান অমি বর্তমানে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিত্সাধীন। বর্তমানে অমির চরিত্র নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন অমি।