রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের ২ জন করোনা পজিটিভ, করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ১ জন এবং করোনার উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন। এদের ২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ৬১ ঊর্ধ্ব ৪ জন, ৫১ ঊর্ধ্ব ২ জন এবং ৪১ ঊর্ধ্ব ১ জন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রবিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৭৬ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।
শামীম ইয়াজদানী জানান, রবিবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৭৬ রোগীদের মধ্যে ৭৫ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ জন।
শামীম ইয়াজদানী জানান, শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার রাজশাহীতে ২১ দশমিক ৩১ শতাংশ। আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ।
ইত্তেফাক/এমআর
