ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মুগদা এলাকায় একটি রিকশার ধাক্কায় শিমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিমনকে তার মা ও বড় ভাই উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিত্সক বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিমন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাদিতীর গ্রামের গাড়িচালক লিটন মিয়ার ছেলে। চার সন্তানের মধ্যে সে তৃতীয়।
নিহত শিশুটির মা কলি জানান, দুপুরে শিমন বাসা থেকে কিছু দূরে প্রধান সড়কে গেলে একটি রিকশা তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তিনিসহ তার বড় ছেলে দ্রুত শিমনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনিত হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
