সংক্রমণ থেকে বাঁচতে হলে টিকা নিতে হবে। সরকার টিকা দেওয়ার জন্য সবরকম আয়োজন করেছে। কিন্তু দুঃখের বিষয়, মাসাধিককাল পার হতে চলেছে—টিকার জন্য নাম নিবন্ধন করেও তারিখ উল্লেখ করা ম্যাসেজ না আসায় কেন্দ্রে গেলেও টিকা দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে নাম নিবন্ধন করে এক মাস ধরে ম্যাসেজ না পাওয়াদের মধ্যে আছেন চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীও—যাঁরা অত্যন্ত ঝুঁকি নিয়ে নিজ নিজ হাসপাতালে, ক্লিনিকে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায়, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিবন্ধনকৃতদের মুঠোফোনে টিকা দেওয়ার তারিখ সংবলিত ম্যাসেজ দ্রুত প্রেরণের ব্যবস্থা করতে বিনীত আবেদন জানাচ্ছি।
আফজাল আহমদ, চানখাঁর পুল, ঢাকা
