হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা জরুরি

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:৫৭

হাওর গ্রামবাংলার মানুষের কাছে এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। তবে হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য দিন দিন হুমকির মুখে পড়ছে। অমত্স্যজীবীরা প্রায়ই বিল সেচে বিষ দিয়ে মাছ ধরছে। ফলে মাছের বংশবিস্তার ও খাদ্যশৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাওরে মানুষ সাধারণত ছোট খুনা জাল দিয়ে মাছ ধরে থাকে। এই খুনা জালে মাছের ডিমও ধরা পড়ে। এভাবে ডিম নষ্ট হয়ে যাওয়ায় মাছের প্রজননের হার অনেক কমে যায়। অন্যদিকে কারেন্ট জালও মাছের প্রজনন হার কমে যাওয়ার অন্যতম কারণ। হাওরে শত শত হ্যাজাক লাইট হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য খুবই ক্ষতিকর। বর্তমানে হ্যাজাক লাইটের কারণে হাওরে পরিযায়ী পাখির সংখ্যা অনেক কমে এসেছে। হাওর তীরবর্তী ঢেউয়ের আঘাতের হাত থেকে বাড়িঘর রক্ষা করতে প্রতিরোধ দেওয়াল তৈরি বাবদ প্রচুর বনের গাছ ও লতাগুল্ম কাটা হচ্ছে। তাছাড়া জ্বালানি, গৃহস্থালি ও পরিবারের অন্যান্য কাজের জন্য কাটা হচ্ছে প্রচুর গাছ। এতে করে হাওরের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে, পাশাপাশি বিনষ্ট হচ্ছে উদ্ভিদ প্রজাতিও। অন্যদিকে লঞ্চ ও ট্রলারের ইঞ্জিনের শব্দ, কালো ধোঁয়া ও তেলের কারণেও হাওরের পরিবেশ দূষিত হচ্ছে। হাওর বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। সেজন্য হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবার সচেতন হতে হবে।

মো. আশরাফুল ইসলাম

শাহবাগ, তাড়াইল, কিশোরগঞ্জ