গঙ্গাচড়ায় তিস্তা বাঁধে গর্ত চলাচলে আতঙ্ক

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৯

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় তিস্তা বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচলে জনগণের দুর্ভোগ ও আতঙ্ক বেড়েছে, দুর্ঘটনাও ঘটছে। উপজেলার  নোহালী ইউনিয়ন থেকে মর্নেয়া ইউনিয়নের শেষ পর্যন্ত ১৯ কিলোমিটার তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধ। ২০১৯ সালে বাঁধটির বিভিন্ন স্থানে পুননির্মাণ করা হয়। গত দুই বছরে বাঁধটির বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ধসে গেছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় সামছুল এবং রফিকুল জানান, নোহালী ইউনিয়ন থেকে গঙ্গাচড়াসহ বিভিন্ন এলাকায় যেতে বেশির ভাগ লোক বাঁধের রাস্তাই ব্যবহার করে থাকে। সরেজমিনে বাঁধের নোহালী এলাকায় গিয়ে দেখা গেছে, বিশাল গর্তের পাশ দিয়ে ভ্যান কিংবা রিকশা যাওয়ার মতো জায়গা নেই। হেঁটে কিংবা সাইকেলে যেতেও ভয় লাগে। এ প্রসঙ্গে রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া বলেন, বিষয়টি আমরা অবগত আছি। বন্যার পরে বাঁধ মেরামত করা হবে।