বড়াইগ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৯

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামা আব্দুল জলিল ও মিলন হোসেনের  বিরুদ্ধে। রবিবার সকালে উপজেলার খোর্দ্দ কাছুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

নিহতের বাবা আব্দুল মজিদ জানান, সিরাজুলের মা সকালে প্রতিবেশী এক ব্যক্তির কাছে পাওনা টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে ছোট ভাই আব্দুল জলিল তাকে থামিয়ে সিরাজুলের মাদক সেবন ও বিক্রির বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে আব্দুল জলিল তাকে কিল ঘুষি মারেন। খবর পেয়ে সিরাজুল ঘটনাস্থলে গেলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আব্দুল জলিল ও তার ভাই মিলন লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটালে সিরাজুল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে স্বজনরা স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।