কুবিতে সশরীরে শুরু হচ্ছে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শুরু হচ্ছে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা। কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ হবে। রবিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী। তিনি জানান, সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা অনলাইন বা অফলাইন হবে কি না, তা সিদ্ধান্ত নেবে অনুষদ। অনুষদ চাইলে অনলাইন বা অফলাইনে পরীক্ষা নিতে পারবে। তবে স্নাতোকোত্তরের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা দিয়ে সশরীরে শুরু হবে চূড়ান্ত পরীক্ষা। কবে নাগাদ পরীক্ষা শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, বিকালে পরীক্ষা কমিটির সভা রয়েছে। সেখানে নির্দিষ্ট হবে পরীক্ষার তারিখ। উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।