সৈয়দপুরে বেকার কয়েক হাজার নির্মাণশ্রমিক

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

বাজারে নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্য বাড়ার কারণে বেকার হয়ে পড়েছে সৈয়দপুরের কয়েক হাজার নির্মাণ শ্রমিক। স্থানীয় প্রকৌশলী সাজেদুর রহমান সাজু বলেন, বহির্বিশ্বে সিমেন্ট তৈরির কাঁচামালের দাম বাড়ায় এবং ট্রান্সপোর্ট খরচ বৃদ্ধি পাওয়ায় সিমেন্টের দাম দিনদিন বাড়ছে। অন্যদিকে রডের দাম বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২২ টাকা পর্যন্ত। মেসার্স আবির ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মশিউর রহমান বলেন, বাংলাদেশে পুরোনো জাহাজের স্ক্রাপ কম থাকার কারণে রডের দাম বৃদ্ধি পেয়েছে। রড ও সিমেন্টের দাম বাড়ার পাশাপাশি ঢেউটিন ও সাটারিং কাঠেরও মূল্য বেড়েছে।  সৈয়দপুর নির্মাণ শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি মো. জাহেদুল ইসলাম বলেন, সৈয়দপুরে প্রায় ১০ হাজার নির্মাণ শ্রমিক রয়েছে। নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধিতে প্রায় অর্ধেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী জানান, রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধিতে ঠিকাদাররা কাজ করতে যাচ্ছে না। তাই নতুন করে ইস্টিমেট তৈরি করে সমন্বয় করা হচ্ছে।