স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে এলিট-পেইন্ট রাবেয়া-সিরাজ কিশোর ফুটবলে গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে আবু সায়েমের হ্যাটট্রিকের সুবাদে বন্দর কর্তৃপক্ষ সাদা দলের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাব। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় কিষোয়ান স্পোর্টস টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের বিরুদ্ধে।
এর আগে টুর্নামেন্টের প্রথম দিন (গত পরশু) মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বর্তমান চ্যাম্পিয়ন আলোর ঠিকানা। জয়ী দলের হয়ে খালেক ইয়াসিন জোড়া এবং বদলি খেলোয়াড় কাউসার ১টি গোল করেন।
খেলা শুরুর আগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন। এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের জি এম মো. আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন। সিডিএফের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল।
