লিভারপুলকে রুখে দিল ১০ জনের চেলসি

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:২২

স্পোর্টস ডেস্ক

এক লাল কার্ডই খেলার মোড় ঘুরে দিতে যথেষ্ট। হারিয়ে যায় ছন্দ। এর ওপর খেলা যদি হয় প্রতিপক্ষের মাঠে, তাহলে তো প্রতিপক্ষ একদম ঝেঁকে বসে। কিন্তু অ্যানফিল্ডে সেরকম অবস্থা হয়নি চেলসির। উলটো ১০ জনের দল নিয়েই লিভারপুলকে পয়েন্ট হারানোর আক্ষেপ দিয়ে আসে তারা। অলরেডদের  থেকেও আরো খারাপ রাত কেটেছে জুভেন্তাসের। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচে এম্পোলির কাছে ১-০ গোলে হেরেছে তুরিনের বুড়িরা।

অ্যানফিল্ডের ম্যাচের সব উত্তেজনা যেন জমা ছিল বিরতির আগ মিনিটে। মাত্রাটা এতোই ছিল যে, তাতে মারামারিতে লিপ্ত হয়ে যান দুই দলের খেলোয়াড়রা। ডি বক্সের ভেতর সাদিও মানের শট হাত দিয়ে ঠেকিয়ে দেন গোললাইনে থাকা চেলসি ডিফেন্ডার রিস জেমস। যে কারণে লিভারপুলকে পেনাল্টি দেওয়ার পাশাপাশি জেমসকে লাল কার্ড দেখান রেফারি। স্পটকিক থেকে মোহাম্মদ সালাহর গোলে সমতায় ফেরে ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে ২২ মিনিটে জেমসের কর্নার থেকে কাই হাভার্জের দুর্দান্ত হেডে পিছিয়ে পড়ে তারা। বিরতির পর এগিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করলেও চেলসির শক্ত ডিফেন্সে চিড় ধরাতে পারেনি লিভারপুল। কোচ বদলালেও ভাগ্যটা যেন বদলায়নি জুভেন্তাসের। দুই ম্যাচ কেটে যাওয়ার পরও সিরি আতে এখনো জয়হীন তারা। রোনালদোকে ছাড়া বিবর্ণ দেখা গেছে তাদের আক্রমণ ভাগ, এমনকি এম্পোলিকে কোনো হুমকিই দিতে পারেনি। তাই ২১ মিনিটে লিওনার্দো মানকুসের গোলেই নিজেদের মাঠে হতাশায় পুড়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।  লেভান্তের বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে লা লিগায় জয়ে ফিরেছে রোনালদোর আরেক সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। ৬১ মিনিটে দানি কারভাহালের একমাত্র গোলে রিয়াল বেতিসকে ১-০ ব্যবধানে হারায় তারা। অপরদিকে বুন্দেসলিগায় দুর্দান্ত হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের হয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রবার্ট লেভানডস্কি। যার ফলে হার্থা বার্লিনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় বায়ার্ন।