g ইত্তেফাক রিপোর্ট
সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো অমর একুশের অনুষ্ঠানমালা। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এবারের অনুষ্ঠানের স্লোগান ‘একুশ আছে জয়োদ্ধত একুশ বাঁচে অবিরত’। গতকাল শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চৌদ্দ দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী আয়োজনে গান, কবিতা, পথনাটক ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে একুশের অনুষ্ঠানমালা। এরপর ১৮ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠানটি স্থানান্তরিত হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। প্রতিদিন বিকাল চারটা থেকে নয়টা পর্যন্ত চলবে এ আয়োজন।
গতকাল বিকালে শহীদ মিনারের বেদিতে ভাষাশহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জোট নেতৃবৃন্দের সঙ্গে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান কবি, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মীসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উদ্বোধনী আলোচনায় অংশ নেন একুশে অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। স্বরচিত একুশের কবিতাপাঠ করেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। ঘোষণাপত্র পাঠ করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আহ্্কাম উল্লাহ্্।
