ফল পুনর্মূল্যায়ন দাবি
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের একদল শিক্ষার্থী। ‘গণহারে ফেলের’ অভিযোগ এনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। রবিবার বেলা ১১টা থেকে অবস্থান নিয়ে বিকাল ৩টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ফলাফল পুনর্মূল্যায়ন অথবা আগামী ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। তবে আন্দোলন চলাকালীন সময়ে মোড় অবরোধ করলেও তাদের পাশ দিয়ে ধীরে ধীরে গাড়ি চলাচল করতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত কয়েক মাসে সাত কলেজের আট থেকে নয়টি বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলগুলোতে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়। এর মধ্যে ইংরেজি বিভাগে সাতটি কলেজেই গণহারে ‘ফেল করিয়ে দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিন আনাম বলেন, ২০১৫-২০১৬ সেশনের ইংরেজি বিভাগের পরীক্ষায় তিতুমীর কলেজের ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৩ জন অকৃতকার্য হয়েছে, ইডেন মহিলা কলেজের ২১০ জনের মধ্যে ১৭৫ জন, সরকারি বাংলা কলেজের ১১৬ জনের মধ্যে ৯২, বদরুন্নেসা মহিলা কলেজের ৪৫ পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন ফেল করেছে। অন্যান্য বিভাগের ফলাফলও ভালো নয় বলে দাবি করেন তিনি। এত বিপুল শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পেছনে কোনো কারণ কলেজ প্রশাসন দেখাতে পারছে না। আমরা চাই খাতাগুলোর আবার মূল্যায়ন করা হোক।
