সদরঘাটে লঞ্চের কেবিনে মিলল নারীর মরদেহ

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৪৬

বিশেষ প্রতিনিধি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল থেকে আসা পারাবত-১২ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল রবিবার দুপুরে পারাবত লঞ্চের ৩১২ নম্বর কেবিনের দরজা ভেঙে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরকার  বলেন, ঢাকায় আসার জন্য গত শনিবার রাত ১১টার দিকে বরিশাল থেকে পারাবত-১২ লঞ্চে উঠেন ঐ নারী। পরে গতকাল সকালে লঞ্চটি সদরঘাট পৌঁছালে ঐ নারী কেবিন থেকে বের হননি। লঞ্চ কর্তৃপক্ষ কেবিনের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাদের খবর দেয়। আমরা গিয়ে কেবিনের দরজা ভেঙে ঐ নারীকে ঝুলন্ত অবস্থায় পাই। কোট রাখার হ্যাঙ্গারে ঐ নারীর মরদেহ ঝুলছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। 

তিনি আরো জানান, মাথায় সিঁদুর ও হাতে শাঁখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মের। লঞ্চের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, বরিশাল লঞ্চঘাটে এক জন বয়স্ক লোক তাকে কেবিনে তুলে দিয়ে বেরিয়ে যান।