বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রে ছিল বাংলার খেটে খাওয়া মানুষ

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৪৬

বাংলা একাডেমির উদ্যোগে আলোচনা

 

ইত্তেফাক রিপোর্ট

বঙ্গবন্ধু স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাঙালির শাশ্বত ঐতিহ্যই ছিল বঙ্গবন্ধুর সংস্কৃতি-ভাবনার মূল ভিত্তি। বঙ্গবন্ধুকে শুধু বাইরে থেকে ভালোবাসলে চলবে না, তার জীবনদর্শন ও উন্নয়ন-ভাবনার গভীরে ও নিবিড়ে প্রবেশ করতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তার সংস্কৃতি-ভাবনার কেন্দ্রে ছিল বাংলার খেটে খাওয়া মানুষ।

গতকাল রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম  শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত ‘শোক ও শক্তির মাস আগস্ট ২০২১’ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

‘বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম কুদ্দুছ এবং ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী এবং বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী করা হয়।

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিকণ্ঠে কবিতাপাঠ-পর্বে স্বরচিত ‘মুজিব-গাথা’ শীর্ষক কবিতা পাঠ করেন কবি ফারুক মাহমুদ, ‘বঙ্গবন্ধুর পাইপ’ শীর্ষক স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ সাদিক এবং ‘আমাকে চেনো না!’ শীর্ষক কবিতা পাঠ করেন কবি মাসুদ পথিক। কবি সৈয়দ শামসুল হকের কবিতা ‘প্রয়াত পিতার উদ্দেশে খেদ ও শোকসূচক একটি রচনা’ আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার সাধন দাস, কবি দিলওয়ারের ‘শ্রদ্ধেয় পিতা ক্ষমা করবেন’ শীর্ষক কবিতার আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার জ্যোতি ভট্টাচার্য, ফজল-এ-খোদার ‘তুমিই বাঙালি তুমি বাংলা’ শীর্ষক কবিতাটি আবৃত্তি করেন নাজমুল আহসান এবং আবু কায়সারের ‘সূর্যের অনল’ শীর্ষক কবিতাটি আবৃত্তি করেন আহসানউল্লাহ তমাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। গোলাম কুদ্দুছ বলেন, সামাজিক মূল্যবোধ, ন্যায়নীতি, সত্য-সুন্দর-কল্যাণের আদর্শ প্রতিষ্ঠায় বাঙালির শাশ্বত ঐতিহ্যই ছিল বঙ্গবন্ধুর সংস্কৃতি-ভাবনার মূল ভিত্তি।

আমিনুল ইসলাম বলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই—বঙ্গবন্ধুর এই সত্য বাণী তার সমবায়কেন্দ্রিক উন্নয়ন দর্শনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

মুহম্মদ নূরুল হুদা বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ এবং মুক্তিযুদ্ধের সোনালি দিনগুলো স্মরণ একই সূত্রে গাঁথা।