ছড়াকার সাংবাদিক আবু জাফর সাবু আর নেই

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৫০

গাইবান্ধা প্রতিনিধি

ছড়াকার, সাহিত্যিক ও দৈনিক জনকণ্ঠের গাইবান্ধার নিজস্ব সংবাদদাতা আবু জাফর ওরফে সাবু (৭৪) করোনায় আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে ভোরে আবু জাফরের মরদেহ বগুড়া থেকে গাইবান্ধা শহরের ডেভিডকোম্পানীর বাসায় আনা হলে সেখানে হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তার সহকর্মী ও দেখতে আসা নারী-পুরুষরা কান্নায় ভেঙে পড়েন। দুপুর সাড়ে ১২টায় তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত কর্মস্থল গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে মরদেহ আনা হয়। সেখানে সহকর্মীরা  তার স্মৃতিচারণ করেন।