সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ছয় দফা দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ’। তবে রাত সাড়ে ৯টায় সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। এর আগে তারা বিকাল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম আল সনেট জানান, ছয় দফা আগেই জানানো হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বৃহত্ কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনকারীরা জানান, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ছিল শুক্রবার। পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের শিক্ষার্থীরা শাহবাগ জাদুঘরের গেট ও পাবলিক লাইব্রেরির সামনে সমবেত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছয় দফা দাবি হলো— জাতির পিতা ও তার পরিবারসহ মুক্তিযোদ্ধা পরিবারের ‘অবমাননাকারীদের’ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ, বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকেই শতভাগ কোটা বাস্তবায়ন এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ করা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের বয়সসীমা আনুপাতিক হারে বৃদ্ধি করা প্রভৃতি।
