কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর রেলক্রসিংয়ে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক আরোহী। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জেলার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উত্সবপদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। রনি পেশায় একজন সিএনজিচালক এবং নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারের কনফেকশনারি দোকানি। এ দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক পেরুল গ্রামের কবির হোসেন (২৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির কিছু দূরে তার গাড়ি ছিল। ট্রেনটি আসার আগেই তিনি রেলক্রসিং পার হয়ে যান। তিনি আরো জানান, রেলক্রসিংয়ের রেলসড়কের দুই পাশে গাছের ডালপালা ও ঝোপঝাড় বেড়ে ওঠায় ট্রেন দেখা যায় না। তাই ক্রসিং পারাপারের সময় অসাবধানতাবশত দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে এবং ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
